
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তিনি নিজের দায়িত্বে বহাল রয়েছেন এবং স্বাভাবিক নিয়মেই সব ধরনের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তার প্রশাসনের কোনো ধরনের মতবিরোধ রয়েছে এমন দাবিও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান উল্লেখ করেন যে তাঁর সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমেই দেশ পরিচালনা করছে।
সাক্ষাৎকার প্রচারের আগে সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রকাশিত অংশে প্রেসিডেন্ট পরিষ্কার করে বলেন যে পদত্যাগের খবরগুলো পুরোপুরি গুজব এবং এমন কোনো সিদ্ধান্ত তিনি নেননি। ভবিষ্যতে যদি কখনো পদত্যাগের মতো কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হয়, তবে তিনি নিজেই সরাসরি দেশের জনগণকে তা জানাবেন বলে জানান। এছাড়া একটি বিশেষ কট্টরপন্থি মহল ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে তার প্রশাসনের বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর আগে প্রেসিডেন্টের দপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাহদি তাবাতাবায়ীও এই খবরগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে জানান যে জাতীয় ঐক্যকে দুর্বল করতে শত্রুদের স্বার্থে এই গুজব ছড়ানো হয়েছে।