
গণঅভ্যুত্থানের আত্মত্যাগ থেকে রাজনৈতিক দলগুলো এখনও পরিপূর্ণ শিক্ষা নিতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কাঙ্ক্ষিত শিক্ষা নিতে পারেনি বলেই আজও রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটি প্রবণতা কাজ করছে।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, এত জীবন্ত একটি সংসদকে রাজনীতির প্রধান কেন্দ্রে পরিণত করার জন্য গণতান্ত্রিক শক্তির যে রাজনৈতিক ঐক্য প্রয়োজন, তা এখনও সুসংহত করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে মূল্যবোধ ও সংস্কৃতির মাত্রা অতিক্রম করে চলা অশ্লীলতার সমালোচনা করে তিনি বলেন, আদর্শের নামে এই তৎপরতাগুলো আরও অনেক অশনি সংকেতের জন্ম দিচ্ছে। জুলাই শহীদসহ সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মত্যাগ সার্থক করতে হলে সংসদকে কার্যকরী করার পাশাপাশি রাজনৈতিক বিতর্ককে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে বিধিবদ্ধ করার আহ্বান জানান তিনি।