
সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১০টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। যমুনা সেতুর পশ্চিমে অবস্থিত সয়দাবাদ রেলওয়ে স্টেশনের মাস্টার মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে মনসুর আলী স্টেশনে পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটির গতি রোধ করা হয়।
এই ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর না থাকলেও ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে বিভিন্ন স্টেশনে বেশ কিছু যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত হওয়া ট্রেনটি দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।