
সক্রিয় মৌসুমি বায়ু, লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে সদ্য সমাপ্ত জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় রেকর্ড পরিমাণ বৃষ্টির পর, চলতি আগস্ট মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
সোমবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠক শেষে আগস্ট মাসের এই দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই মাসে সারা দেশে গড়ে ৬৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যেখানে স্বাভাবিক গড় ছিল ৪৫৭ মিলিমিটার। বঙ্গোপসাগরে সৃষ্ট তিনটি লঘুচাপের প্রভাবে জুলাই মাসে প্রায় ২৫ দিন বৃষ্টি হয়েছে, যার মধ্যে খুলনায় সর্বোচ্চ ৫৩ শতাংশ এবং চট্টগ্রামে ৫১ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঢাকায় ২৫ দিনে ৪৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৩৩ দশমিক ৪ শতাংশ বেশি।
বিএমডির আগস্ট মাসের নতুন পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসে সারা দেশে সামগ্রিকভাবে প্রায় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। মৌসুমি ভারী বৃষ্টির কারণে দেশের প্রধান প্রধান নদীগুলোর পানি সামগ্রিকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।
এ ছাড়া আগস্ট মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি দফায় মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আগামী তিন মাসের পূর্বাভাসে বিএমডি জানিয়েছে, এই সময়ে সামগ্রিকভাবে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ২ থেকে ৩টি নিম্নচাপে রূপ নিতে পারে। পাশাপাশি এই তিন মাসে ১০ থেকে ১৫ দিন বজ্রসহ বৃষ্টি এবং ৪ থেকে ৬ দফা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।