
কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ২৯ কেজি গাঁজা, স্কাফ সিরাপ ও বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহানাজ বেগম (৩৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (১ আগস্ট) র্যাব-১১ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গত ৩১ জুলাই সকালে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় একটি মাদকবিরোধী অভিযান চালায়। উক্ত অভিযানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শাহানাজ বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তার দখল ও হেফাজত তল্লাশি করে ২৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১২ বোতল স্কাফ সিরাপ এবং ৫ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাহানাজ বেগম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে গাঁজা, স্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে আসছিলেন। পরবর্তীতে এসব মাদকদ্রব্য কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন তিনি। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শাহানাজ বেগম কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের সবুজ মিয়ার স্ত্রী।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকের মতো মারাত্মক সামাজিক ব্যাধি নির্মূলে র্যাবের এমন কঠোর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।