
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেট সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে ‘বোমা সদৃশ’ বস্তু দেখতে পাওয়ায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যাগটির ভেতর থেকে কোনো বিস্ফোরক বা বোমা নয়, বরং পান, সুপারি ও জর্দার কৌটা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে একটার দিকে মিরপুর-১০ মেট্রো স্টেশনের বি গেটের পাশে এমআরটি পুলিশের নজরে একটি ব্যাগে মোড়ানো ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি তৎক্ষণাৎ মিরপুর মডেল থানা পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পরবর্তীতে বোম ডিসপোজাল টিম নির্ধারিত প্রসিডিউর অনুসরণ করে পরীক্ষা শেষে ব্যাগটি নিরাপদে খোলে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার জানান, সন্দেহজনক ওই ব্যাগ থেকে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু উদ্ধার করা হয়নি, ভেতরে কেবল জর্দার কৌটা ও পান-সুপারি পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময় এলাকায় আতঙ্ক বিরাজ করলেও পুলিশের পক্ষ থেকে দ্রুত নিরাপত্তা জোরদার করা হয় এবং বস্তুটির প্রকৃত রূপ নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়।