
পুঁজিবাজারের স্টক ব্রোকার ও স্টক ডিলার প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের সুপারিশে অনিয়মের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে পুনরায় ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নিবন্ধন নবায়নের পক্ষে বা বিপক্ষে সুনির্দিষ্ট রেগুলেটরি সুপারিশ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দিতে ডিএসইকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২২তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
বিএসইসি জানায়, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত ডিএসইর সুপারিশ পর্যালোচনা করে দেখা যায়, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০’-এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’-এ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ না করেই ডিএসই নবায়নের পক্ষে ইতিবাচক সুপারিশ পাঠিয়েছে। কমিশনের মতে, এই ধরণের অসম্পূর্ণ সুপারিশ সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী এবং ডিএসইর নিয়ন্ত্রক দায়িত্ব পালনে স্পষ্ট ব্যর্থতার পরিচায়ক।
এর আগে বিএসইসি ব্যাখ্যা তলব করলে ডিএসই ফরম ‘ছ’ পূরণ করে তথ্য পাঠালেও মোনার্ক হোল্ডিংসের নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট রেগুলেটরি মতামত বা সুপারিশ দেয়নি। এই প্রেক্ষাপটে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, বিধিমালা অনুযায়ী কেন ডিএসই সুনির্দিষ্ট সুপারিশ দিতে ব্যর্থ হয়েছে, সে বিষয়ে তাদের কাছে আবারও ব্যাখ্যা তলব করা হবে এবং নির্ধারিত পাঁচ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট মূল্যায়নসহ চূড়ান্ত সুপারিশ কমিশনে পাঠাতে হবে।