
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হবিগঞ্জ পৌর এলাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ও সম্ভাব্য সংঘর্ষ এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। ওই সময় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকায় জননিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রমের স্বার্থে সেই আদেশ বাতিল করা হলো বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।