
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার ফেরদৌসী শাহরিয়ার মারা গেছেন। বুধবার (২৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই জ্যেষ্ঠ কূটনীতিক তার বর্ণাঢ্য কর্মজীবনে ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।