
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডিশনাল আইজিপি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) ঢাকা সিআইডি সদর দফতরে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এনএসআইয়ে কর্মরত অবস্থাতেই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।
১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করা ব্যারিস্টার মোশাররফ হোছাইন প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ একাডেমি সারদা, সিআইডির বিভিন্ন ইউনিট, পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার, ডিএমপি, সিএমপি, র্যাব, পুলিশ হেডকোয়ার্টার্স এবং বিভিন্ন রেঞ্জে তদন্ত, গোয়েন্দা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন। শিক্ষাজীবনে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করা এই কর্মকর্তা দেশ-বিদেশে আধুনিক পুলিশিং, তদন্ত এবং ফরেনসিক বিষয়ের বিভিন্ন প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। বুধবার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।