
বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও সমঝোতা ভঙ্গের অভিযোগে নতুন করে উত্তেজনার পর অবশেষে সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার (২৭ জুলাই) গভীর রাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে। বৈঠকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে আইনি ব্যবস্থা না নেওয়ার কড়া আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার মধ্যরাতে চলা ওই বৈঠকে সরকারের পক্ষ থেকে বিহার ও আসাম সরকারের জারি করা প্রজ্ঞাপনের কপি সিজেপির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনগুলোতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং ভবিষ্যতে তাদের কোনো হয়রানি না করার নিশ্চয়তা রয়েছে। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস এক্সে দেওয়া পোস্টে জানান, কেন্দ্রীয় সরকার এবং এনডিএ-শাসিত অন্যান্য রাজ্যগুলো থেকেও মঙ্গলবারের মধ্যে একই ধরনের সুরক্ষা প্রজ্ঞাপন জারি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এর আগে সমঝোতা লঙ্ঘন করে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের আটকের অভিযোগে সিজেপি ফের রাজপথে নামার কঠোর হুঁশিয়ারি দিয়েছিল। তবে সরকারের তরফ থেকে আইনি সুরক্ষার সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ায় আপাতত কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি।