
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা বহাল থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দখলদার দেশটির পক্ষ থেকে আরবি ভাষায় পরিচালিত অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশে যাত্রা করেছেন তিনি।
এই সফরে মার্কিন প্রশাসনের শীর্ষপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ইসরাইলি প্রধানমন্ত্রী। সেখানে দুই দেশের ঐতিহাসিক কৌশলগত সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার সঙ্গে নেতানিয়াহুর সপ্তম দফার বৈঠক। বর্তমান মেয়াদে ট্রাম্পের সঙ্গে অন্য যেকোনো বিশ্বনেতার তুলনায় সবচেয়ে বেশিবার সাক্ষাৎ করেছেন এই ইসরাইলি নেতা।
এদিকে নেতানিয়াহুর এই সফর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আইনি ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আইসিসির সেই পরোয়ানা উপেক্ষা করে মার্কিন মুলুকে তার এই সফর ঘিরে চলছে নানা সমালোচনা। এর অংশ হিসেবে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট অভিযোগে নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেফতারের জোরালো আবেদনও জানিয়েছেন।