
স্বার্থান্বেষী কোনো গোষ্ঠীকে রক্ষা করা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি বিএনপির প্রার্থী ও ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও অপপ্রচারের চেষ্টা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন। বিগত স্বৈরাচারী সরকারকে সহযোগিতা ও অর্থনৈতিক অনিয়মে অভিযুক্ত বৃহৎ শিল্পগোষ্ঠীগুলোর বিষয়ে প্রমাণ সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তির আর্থিক সুবিধার জন্য দলের রাজনৈতিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার অধিকার কারও নেই।
পোস্টে প্রতিমন্ত্রী ইশরাক উল্লেখ করেন, গণমাধ্যম ও ভাড়াটে ব্যক্তিদের ব্যবহার করে যারা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের রাজনৈতিক ও আইনগতভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে ফ্যাসিবাদের দোসরদের যারা ‘গেটকিপার’ হিসেবে রক্ষা করার চেষ্টা করছেন, তাদের ভূমিকা সাময়িক বলে সতর্ক করেন তিনি। তবে প্রতিহিংসার বশে কোনো শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে শ্রমিকদের জীবিকা ক্ষতিগ্রস্ত হোক এমনটা তাঁরা চান না উল্লেখ করে তিনি বলেন, অভিযুক্তদের জবাবদিহির পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছ ও আইনসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দলের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে সত্য উদ্ঘাটন ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য বলে জানান প্রতিমন্ত্রী।