
ভারতে চলমান জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন কঠোরভাবে মোকাবিলা করতে নতুন এবং কঠোর কৌশল হাতে নিয়েছে মুম্বাই পুলিশ। দিল্লির সংহতিতে মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দানে টানা বিক্ষোভের পর এবার সরাসরি মাঠপর্যায়ে নজরদারি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ উঠেছে, স্থানীয় থানার পক্ষ থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সরাসরি ফোন করা হচ্ছে, হোয়াটসঅ্যাপে নিয়মিত লাইভ লোকেশন শেয়ার করতে বাধ্য করা হচ্ছে এবং খোদ বাড়িতে পুলিশ পাঠিয়ে সতর্ক করা হচ্ছে। যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে পূর্বে মামলা বা আইনি নোটিশ রয়েছে, তাদের গতিবিধি নজরে রাখতেই মূলত এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশটে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপে তাদের লাইভ লোকেশন পাঠাতে নির্দেশ দিচ্ছেন, যাতে তারা ঘরবন্দি রয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়। পাশাপাশি, মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ইউনিফর্মধারী পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বর্তমান তদন্তের ভয় দেখাচ্ছেন এবং ভবিষ্যতে কোনো জনসমাবেশে অংশ না নেওয়ার কড়া পরামর্শ দিচ্ছেন। মেট্রো ও রেলস্টেশনগুলোতেও বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশি পাহারা। পুলিশের ঊর্ধ্বতন মহলের দাবি, তরুণদের ভবিষ্যৎ কর্মজীবন, পাসপোর্ট ও উচ্চশিক্ষার কথা মাথায় রেখেই এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মানবাধিকারকর্মী ও আইনজীবীরা পুলিশের এই পদক্ষেপকে ব্যক্তিগত গোপনীয়তা এবং স্বাধীনভাবে চলাচলের সাংবিধানিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে তীব্র নিন্দা জানিয়েছেন।