
দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে আরও গতিশীল ও সহজ করতে ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়মে বড় ধরনের শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জারিকৃত নতুন এই নির্দেশনায় জটিল রপ্তানি নথির পরিবর্তে ইমেল, প্ল্যাটফর্ম স্টেটমেন্ট ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে বৈদেশিক আয় আনার পথ সুগম করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন সার্কুলার অনুযায়ী, ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স উত্তোলনের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র জমা দিতে হবে না। এছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের (ওপিজিএসপি) মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত গ্রহণ করা যাবে। লেনদেন আরও কার্যকর করতে ডুয়াল-কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ চালুর পাশাপাশি এমএফএস ও পিএসপির ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে। একইসঙ্গে আইটি খাতের ফ্রিল্যান্সাররা তাঁদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য সেবা রপ্তানিকারকরা ৩০ শতাংশ অর্থ এক্সপোর্টার্স রিটেনশন কোটার (ইআরকিউ) আওতায় বৈদেশিক মুদ্রায় ধরে রাখতে পারবেন। বাজার সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এই যুগোপযোগী পদক্ষেপে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।