
কিশোরগঞ্জের তাড়াইলে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ বর্তমানে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা দাম বেড়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, মৌসুম শেষ হয়ে আসায় গাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি সম্প্রতি অতিরিক্ত বৃষ্টি ও তীব্র গরমে খেতের মরিচ গাছগুলো পচে ও শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এর ফলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান বিক্রেতারা। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের হঠাৎ দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।