
মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাত এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন সুদের হার–সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ দশমিক ৪৩ ডলারে দাঁড়ায়, যা গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারের দামও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৪ দশমিক ৫০ ডলারে উঠেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারীরা কম দামে সোনা কেনার সুযোগ নেয়ায় এই ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। লোহিত সাগরে হুথিদের হুমকির মুখে সৌদি তেল ট্যাংকারগুলোর পথ পরিবর্তন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্যের পর বাজারে ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে। এদিকে অর্থনীতিবিদ ও রয়টার্সের জরিপ অনুযায়ী, ফেডারেল রিজার্ভ এই বছর নীতিগত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে কিংবা তা বৃদ্ধির উচ্চ সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারে প্রভাব ফেলতে পারে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতু যেমনস্পট রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ৭১ ডলার, প্লাটিনামের দাম ১ হাজার ৬৫৯ এবং প্যালাডিয়ামের দাম ১ হাজার ৩১০ ডলারে উন্নীত হয়েছে।