
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় রদবদল বা দপ্তর পুনর্বণ্টনের বিষয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি জানান, কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন করতে পারেন কিংবা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন। তবে এই পরিবর্তন সরকারের গঠনের প্রথম ১৮০ দিনের মধ্যে হবে নাকি আরও সময় লাগবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান আরও জানান, জনগণের কল্যাণ সাধন এবং সরকারের কার্যক্ষমতা আরও বাড়াতে প্রধানমন্ত্রীর এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী ছাড়াও ২৪ জন পূর্ণমন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন উপদেষ্টা রয়েছেন। এছাড়া সংবাদ সম্মেলনে সাইবার বুলিং ও অপতথ্য রোধে আইনি বিষয় দেখভালের জন্য চলতি সপ্তাহের মধ্যেই একটি আইনজীবী প্যানেল গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও জানান তথ্য উপদেষ্টা।