
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষক এবং ঋণখেলাপি ও জামিনদাররা প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১২তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ইসি সচিব জানান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের বিদ্যমান আইনগুলো নিয়ে পর্যালোচনার পর স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এছাড়া ঋণখেলাপি, জামিনদার এবং যাঁদের ইউটিলিটি বিল বকেয়া রয়েছে, তাঁরাও নির্বাচনে প্রার্থী হিসেবে অযোগ্য বিবেচিত হবেন। কমিশন এই সংক্রান্ত আইনগুলোর প্রস্তাব দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের আগামী অক্টোবর মাস থেকে বিভিন্ন ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে এবং এর প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।