
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাসের প্রভাব পড়েছে দেশের জুয়েলারি বাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (২০ জুলাই) থেকে নতুন নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। গত সপ্তাহে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস।
নতুন এই মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি অর্থাৎ ১১.৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। পাশাপাশি অন্যান্য গ্রেডের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে।
হিসাব অনুযায়ী, আজ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হচ্ছে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।
এর আগে গত ১৩ জুলাই এবং ১৪ জুলাই দুই দফায় স্বর্ণের দাম কিছুটা কমিয়েছিল বাজুস। সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৪ দফা দাম বাড়ানো হলেও কমানো হয়েছে ৪৬ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়।