
ফিফা ২০২৬ বিশ্বকাপের মহারণে প্রথমবারের মতো মাঠে নেমেই নিজের ফুটবল জাদুতে বিশ্বকে মোহিত করছেন স্পেনের তরুণ ফুটবল সেনসেশন লামিনে ইয়ামাল। আগামী রোববারে আর্জেন্টিনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত মেগা ফাইনালে লড়বে তাঁর দল। ইয়ামালের এই ঐতিহাসিক পথচলায় গ্যালারিতে থেকে ছায়ার মতো সমর্থন জুগিয়ে যাচ্ছেন তাঁর মা ও ছোট ভাই। তবে এই চেনা আনন্দের ভিড়ে গ্যালারিতে একজনের অনুপস্থিতি সবাইকে ভাবিয়ে তুলেছে তিনি আর কেউ নন, ইয়ামালের বাবা মুনির নাসরাউই।
২০২৪ সালের ইউরো কাপে স্পেনের মহাকাব্যিক শিরোপাজয়ী অভিযানে মুনির নাসরাউই সবসময় ছেলের পাশে থাকলেও, এবারের বিশ্বকাপে দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। মূলত এক কঠিন শারীরিক জটিলতার কারণেই দূর পরবাসে গ্যালারিতে বসে ছেলের এই অবিস্মরণীয় মুহূর্ত দেখার সুযোগ মিস করেছেন তিনি।
স্প্যানিশ গণমাধ্যম ‘এল এস্পানিওল’-এর বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, মুনির নাসরাউই দীর্ঘদিন ধরে মৃগীরোগে (এপিলিপ্সি) ভুগছেন। এই রোগের কারণে দীর্ঘ সময় বিমানে ভ্রমণ করা তাঁর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তা ছাড়া, প্রতিদিন নিয়ম করে বেশ কিছু কড়া ওষুধ খেতে হয় তাঁকে। বিশ্বকাপ শুরুর আগেই নাসরাউই আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ফাইনাল ম্যাচের তীব্র উত্তেজনা, মানসিক চাপ ও দীর্ঘ বিমান ভ্রমণের ধকলের কারণে যেকোনো মুহূর্তে তাঁর এই রোগের তীব্র আক্রমণ (এপিলিপ্টিক সিজার) হতে পারে।
নিজের অসুস্থতার কারণে ছেলে কিংবা চারপাশের মানুষের মাঝে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই চিন্তাভাবনা থেকেই যুক্তরাষ্ট্রে না যাওয়ার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন মুনির। তিনি জানিয়েছেন, তাঁর জন্য ঘরে বসে টেলিভিশনের পর্দায় ছেলের খেলা দেখাই সবচেয়ে নিরাপদ ও ভালো সিদ্ধান্ত ছিল। বাবা পাশে না থাকলেও বার্সেলোনার এই উইঙ্গারকে উজ্জীবিত করতে গ্যালারিতে আছেন মা শিলা। সেই সাথে প্রতিটি গোলের পর গ্যালারিতে ইয়ামালের ছোট ভাই কেইনের বাঁধভাঙা উল্লাসের ভিডিও ইতিমধ্যে নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।