
জার্মানির রাজধানী বার্লিনে ইসরায়েলে অস্ত্র পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ করার সময় সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের অদূরে অবস্থিত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘রাইনমেটাল’-এর কার্যালয়ের সামনে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল, প্রতিষ্ঠানটির অস্ত্র উৎপাদন ফিলিস্তিন ও লেবাননে চলমান সামরিক অভিযানের সাথে সরাসরি সম্পৃক্ত, যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। কর্মসূচিতে অংশ নিয়ে গ্রেটা থুনবার্গ অত্যন্ত ক্ষুরধার কণ্ঠে বলেন, অন্যায় ও গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব। তিনি রাইনমেটালের নতুন কারখানা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি ইসরায়েলে অস্ত্র রফতানি অবিলম্বে স্থগিত করার দাবি তোলেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বার্লিন পুলিশ বিক্ষোভস্থলে এসে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে থুনবার্গসহ অন্যদের আটক করে। আন্তর্জাতিক গণমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’-এর প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু কর্মী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত থুনবার্গ সম্প্রতি গাজায় চলমান যুদ্ধ ও মানবিক পরিস্থিতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে সরব রয়েছেন। তার এই আটকের ঘটনা আবারও বিশ্বজুড়ে অস্ত্র বাণিজ্য ও চলমান সংঘাত নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।