
দেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় দেশের ২০১টি উপজেলায় নতুন করে উপজেলা ক্রীড়া অফিস স্থাপনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অফিসগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৬০৩টি নতুন পদ অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।
মূলত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে এই পদগুলো তৈরি করা হচ্ছে। এই অনুমোদনের আওতায় প্রথম ধাপে নির্মিত ১৬৭টি স্টেডিয়াম এবং দ্বিতীয় ধাপে নির্মাণাধীন ৩৪টি স্টেডিয়ামের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হবে। সৃজনকৃত ৬০৩টি পদের মধ্যে রয়েছে ২০১টি উপজেলা ক্রীড়া অফিসার পদ, ২০১টি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ এবং ২০১টি অফিস সহায়কের পদ।
অর্থ বিভাগ এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আটটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন গ্রহণ, নির্ধারিত কোড অনুযায়ী ব্যয় নির্বাহ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের নির্দেশনা রয়েছে। এছাড়া যেসব পদের নিয়োগবিধি এখনো চূড়ান্ত হয়নি, সেগুলো দ্রুত প্রণয়ন এবং জনবল কাঠামো হালনাগাদ করে অর্থ বিভাগে পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে নির্মাণাধীন স্টেডিয়ামগুলোর কাজ শেষ হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট পদে নিয়োগ বা পদায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।