
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মো. পিয়ার আলী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধীনস্থ নকশী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রোধে টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় নওকুচি সীমান্ত এলাকায় পিয়ার আলীকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করলে তার কাছে একটি দেশি তৈরি একনলা বন্দুক পাওয়া যায়। এই অবৈধ অস্ত্র উদ্ধারের পর তাকে তাৎক্ষণিক আটক করে বিজিবি।
৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অস্ত্র বহন ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি জওয়ানরা সর্বদা সতর্ক এবং নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
আটক পিয়ার আলীকে উদ্ধারকৃত অস্ত্রসহ ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, পিয়ার আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।