
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাজা মিয়া সওদাগর জামে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাংলাবাজার এলাকার ওই মসজিদের দ্বিতীয় তলার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আমির হোসেনের গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায় এবং তিনি ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, ঘটনার দিন আছরের নামাজে তিনি ইমামতি করলেও মাগরিব ও এশার নামাজে তাকে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে মসজিদের কক্ষের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে উঁকি দিলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করেছে, যেখানে পারিবারিক কলহের কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে। এছাড়া মৃত্যুর আগে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়’—এমন একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।