
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিলাসবহুল ও উচ্চ সিসির (CC) ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম আয়কর উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর প্রস্তাব করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে পরিবেশবান্ধব বৈদ্যুতিক মোটরযানের (EV) জন্যও দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাভিত্তিক অগ্রিম কর কাঠামো আরোপের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সরকারের মূলত রাজস্ব আহরণ বৃদ্ধি এবং উচ্চমূল্যের বিলাসবহুল যানবাহনের ওপর কর কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যেই এই বড় পদক্ষেপ। নতুন এই কর পুনর্নির্ধারণের ফলে অতিধনী বা শিল্পপতিদের ব্যবহৃত উচ্চ ক্ষমতার প্রতিটি গাড়ির জন্য এখন থেকে অনেক বেশি কর গুণতে হবে। তবে এই সিদ্ধান্তের মাঝেও মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তির খবর হলো—১৫০০ সিসি থেকে ২৫০০ সিসি পর্যন্ত ব্যক্তিগত গাড়ির অগ্রিম কর আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
প্রস্তাবিত বাজেটের তথ্য অনুযায়ী, ২৫০০ থেকে ৩০০০ সিসির গাড়ির অগ্রিম আয়কর দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা, ৩০০০ থেকে ৩৫০০ সিসির গাড়ির ক্ষেত্রে ২ লাখ থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা, ৩৫০০ থেকে ৪৫০০ সিসির গাড়ির অগ্রিম কর সাড়ে ৩ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা এবং ৪৫০০ সিসির ঊর্ধ্বের অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন বিলাসবহুল গাড়ির জন্য এই কর একলাফে ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাণিজ্যিক ও ব্যক্তিগত ব্যবহারের মাইক্রোবাস এবং ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রেও করের বোঝা বাড়ছে। আগামী অর্থবছর থেকে প্রতিটি মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের জন্য অগ্রিম কর বর্তমানের ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে একবারে ৪০ হাজার টাকা নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে।