
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় দফা ভেস্তে যাওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থা এবং যুদ্ধ পরিস্থিতি তেলের বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলে গতকাল রোববার বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুড ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এর দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৭.৩৫ ডলার, যা যুদ্ধ পরিস্থিতির আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি। বাজার বিশ্লেষকরা মনে করছেন, সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কাই দামের এই উল্লম্ফনের মূল কারণ।
তবে জ্বালানি বাজারের এই অস্থিরতা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও এশিয়ার শেয়ারবাজারগুলোতে লেনদেনের শুরুটা হয়েছে বেশ ইতিবাচক। সপ্তাহের শুরুতে টোকিওতে নিকেই২২৫ সূচক লেনদেনের শুরুতেই প্রায় ০.৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকে ১.৫ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি দেখা গেছে। বিনিয়োগকারীরা আপাতত যুদ্ধবিরতি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাকে একপাশে সরিয়ে রেখে নিয়মিত অর্থনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতার ওপর আস্থা রাখছেন। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় তেলের দামের এই ঊর্ধ্বগতি বিশ্ব অর্থনীতিতে নতুন কোনো মুদ্রাস্ফীতির চাপ তৈরি করে কি না, তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ রয়েছে।