মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশে পালিত পশুর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে প্রাণী চিকিৎসাসেবার আধুনিকায়ন এখন সময়ের দাবি। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়ে বলেন, প্রাণী চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কোনো সুযোগ নেই। ব্যবহৃত সব ওষুধের মান নিশ্চিত করতে কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল সাধারণ মানুষের অন্যতম ভরসার জায়গা। বর্তমান বাস্তবতায় এই হাসপাতালের সেবার পরিধি আরও বাড়াতে হবে এবং দেশের সব অঞ্চলে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে শাখা সম্প্রসারণের পরিকল্পনা নিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা হাসপাতালের অবকাঠামো উন্নয়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এর আগে, প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ ঔষধাগারের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে সংগৃহীত বিভিন্ন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মাঠপর্যায়ে বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন প্রাণিসম্পদ দপ্তরগুলোতে ৯০ ধরনের অত্যাবশ্যকীয় ওষুধ ও কেমিক্যাল এবং ৪০ ধরনের আধুনিক শল্যচিকিৎসার যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। প্রতিমন্ত্রীর এই উদ্যোগ মাঠপর্যায়ে প্রাণী চিকিৎসায় আরও গতিশীলতা আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন