বরিশাল সফরের উদ্দেশ্যে যাত্রা করা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গায় আজ সোমবার সকাল থেকেই হাজারো মানুষের ঢল নামে। সকাল ৬টা থেকে ভাঙ্গা গোলচত্বর ও বাসস্ট্যান্ড এলাকার দুই পাশে অবস্থান নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকাটিতে উৎসবের আমেজ বিরাজ করছিল এবং পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সকাল ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর ভাঙ্গা গোলচত্বর এলাকায় পৌঁছালে অপেক্ষমাণ জনতা করতালি ও হাত নেড়ে তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে গোলচত্বরসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সফরের এই মাহেন্দ্রক্ষণে ভাঙ্গা ও সদরপুরের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তাদের প্রাণের নেতার কাছে বেশ কিছু দাবি তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেছেন। ভাঙ্গায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারখ্যাত ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনতে সড়কটিকে ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার ভাঙ্গা হয়ে বরিশাল যাওয়ার পথে জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর জনপদের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
মন্তব্য করুন