বিশ্বকাপের পর দেশে ফিরে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়া ব্রাজিলিয়ান তারকা নেইমার মাঠের পারফরম্যান্স দিয়েই তার কড়া জবাব দিয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্রাজিলিয়ান সেরি ‘আ’-এর ম্যাচে শাপেকোয়েন্সের মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা সান্তোস। দলের এমন কঠিন সময়ে একাদশে ফিরে অসাধারণ নৈপুণ্য দেখান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের শুরুতেই ডি-বক্সের ভেতর দারুণ শটে প্রথম গোল করার পর পোকার কার্ড খেলার ভঙ্গি করে তার সদ্যসমাপ্ত বিতর্কিত ঘটনার অভিনব উদ্যাপন করেন তিনি।
ম্যাচে নেইমারের প্রথম গোলের পর শাপেকোয়েন্স ঘুরে দাঁড়িয়ে দুটি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে আবারও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন নেইমার। দলের ও নিজের দ্বিতীয় গোলটি করে সান্তোসকে পরাজয়ের মুখ থেকে রক্ষা করেন এবং দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন। এর আগে কোপা সুদামেরিকানায় সান্তোসের ম্যাচ চলাকালে পোকার খেলায় অংশ নেওয়ায় সংবাদমাধ্যম ও সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন তিনি। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন এই তারকা। দীর্ঘ চোট ও বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরে প্রথম ম্যাচেই জোড়া গোল করে নেইমার আবারও প্রমাণ করলেন যে, মাঠের পারফরম্যান্স দিয়েই সব বিতর্কের জবাব দিতে জানেন তিনি।
মন্তব্য করুন