নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলার অবনতিসহ সাধারণ মানুষের সার্বিক ভোগান্তি নিরসন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, আগামী ৫ সেপ্টেম্বর এই লং মার্চ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনায় আখতার হোসেন বলেন, সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও তারা গণভোটের রায় বাস্তবায়ন করতে পারেনি এবং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গ্রামগঞ্জে ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং এবং কৃষকদের সময়মতো সার না পাওয়ার দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার জ্বালানি খাতের সংকটকে আড়াল করার ব্যর্থ অপচেষ্টা চালাচ্ছে। এছাড়া সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনা এবং চারণভূমিতে মহিষ চরানোর মতো বিষয় থেকেও চাঁদা আদায়ের অভিযোগ তুলে দেশের আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধের আসামিরা আদালতে হাস্যোজ্জ্বলভাবে উপস্থিত হচ্ছেন এবং স্থানীয় সরকার থেকে শুরু করে সব জায়গায় দলীয় নেতাকর্মীদের পদায়ন করা হচ্ছে। মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, শক্তিশালী আইন প্রণয়নের কথা বলা হলেও বাস্তবে দুর্বল আইন এনে অপরাধীদের বিচারের পথ সংকুচিত করা হচ্ছে। জনগণের নাভিশ্বাস ওঠা এই পরিস্থিতিতে সরকারের টনক নড়াতে এবং জনগণের ন্যায্য দাবি তুলে ধরতে ১১ দলীয় ঐক্য দেশজুড়ে রাজপথে সক্রিয় থাকবে বলে জানান তিনি।
মন্তব্য করুন