ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মাঝে মাঠের বাইরের বিতর্ক এখন তুঙ্গে। ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এবং প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়া একে অপরের বিরুদ্ধে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছেন। ফ্রান্সের কাছে প্যারাগুয়ের ১-০ গোলে হারের পর সিনেটর আমারিয়া এক্স প্ল্যাটফর্মে এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য করেছিলেন, যদিও পরে তিনি সেই পোস্টটি মুছে ফেলেন। তবে এমবাপ্পের প্রতিক্রিয়ার পর আমারিয়া একটি খোলা চিঠির মাধ্যমে নিজের দোষ স্বীকার করলেও এমবাপ্পেকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
সিনেটর আমারিয়ার অভিযোগ, ম্যাচের আগেই এমবাপ্পে ‘নোংরা খেলার’ ইঙ্গিত দিয়ে প্যারাগুয়ে দলকে অপমান করেছিলেন। এছাড়া ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের প্রতি অবজ্ঞাসূচক আচরণ এবং অশালীন গালি দেওয়ার পাশাপাশি ম্যাচ শেষে গোলরক্ষকের সঙ্গে করমর্দন না করায় এমবাপ্পের তীব্র সমালোচনা করেন এই সিনেটর। আমারিয়া স্বীকার করেছেন যে, রাগের মাথায় বর্ণবাদী ভাষা ব্যবহার করা তার ভুল ছিল এবং তিনি এখন ঘৃণার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে চান।
খোলা চিঠিতে সিনেটর আমারিয়া দাবি করেন যে, এমবাপ্পে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে রাজনৈতিক ও লিঙ্গভিত্তিক সহিংসতামূলক মন্তব্য করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এমবাপ্পে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমারিয়া মনে করেন, জয়-পরাজয় নির্বিশেষে প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান প্রদর্শন করা খেলাধুলার মৌলিক মূল্যবোধ, যা এই ঘটনায় অনুপস্থিত ছিল।
মন্তব্য করুন