সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। বিশেষ করে খিলগাঁও, গোড়ান, তালতলা, সবুজবাগ, মুগদা, মানিকনগর, মতিঝিল ও মালিবাগের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোর চিত্র ছিল অনেকটাই শোচনীয়। পানি জমে যাওয়ায় রাস্তা আর ড্রেনের পার্থক্য বোঝা দায় হয়ে পড়েছিল, যা পথচারীদের জন্য তৈরি করেছে চরম ঝুঁকি ও দুর্ভোগ।
সকাল থেকেই কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের চরম বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে। অনেক এলাকায় ফুটপাত তলিয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে হাঁটু সমান পানির মধ্য দিয়ে চলাচল করেছেন। এতে অনেকের পোশাক ও প্রয়োজনীয় নথিপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গণপরিবহনের তীব্র সংকট দেখা দেয় এবং রাস্তায় চলাচলরত হাতেগোনা বাস ও রিকশাগুলো চলেছে অত্যন্ত ধীরগতিতে। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি সময় ও অতিরিক্ত ভাড়া গুনতে বাধ্য হয়েছেন।
ভয়াবহ এই ভোগান্তির কারণে নগরবাসীর মনে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে একই ধরনের জলাবদ্ধতার কবলে পড়তে হয় তাদের। যদিও বিভিন্ন সময়ে জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা শোনানো হয়, কিন্তু কাজের কাজ খুব কমই হচ্ছে। পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই নগরীর বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাচ্ছে। দ্রুত এই জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী।
মন্তব্য করুন