বগুড়ার আদমদীঘিতে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের উপজেলা ছাত্রলীগ সভাপতি সাকিব হোসেনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাতে উপজেলার তালশন গ্রামের কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আদমদীঘি উপজেলার তালশন গ্রামে ৩৫ জনের মতো নেতাকর্মী গোপনে সমবেত হয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল থানা এলাকা ও বগুড়ার বিভিন্ন স্থানে নাশকতা, মহাসড়কে যানবাহন ভাঙচুর এবং সরকারি স্থাপনায় হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে অন্যরা পালিয়ে গেলেও সাকিব হোসেনকে গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় তার কাছে ৪৫ বর্গফুটের একটি রঙিন ব্যানার পাওয়া যায়, যা প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় এসআই আবদুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছেন। এই মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত সাকিব হোসেন তালশন গ্রামের ওসমান গণির ছেলে। নাশকতা প্রতিরোধে পুলিশের এই বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন